
জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অনেক উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও নান্দিনা-লক্ষীরচর সেতুর কাজ সচল রাখা হয়েছে। কাজটি নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাজের মানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
১ আগষ্ট শনিবার দুপুরে ঐতিহ্যবাহী নান্দিনা বাজারের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নির্মিত চার তলা ফাউন্ডেশনবিশিষ্ট দুই তলা আধুনিক মার্কেট ভবন ও নতুন মাছ বাজারের শুভ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বাজারের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জামালপুরের নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ, সদর উপজেলা প্রকৌশলী আকরাম হোসেন তালুকদার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম এবং জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর। 











