
মৌলভীবাজার শহরের প্রবেশমুখে অবস্থিত সাবিয়া খেয়াঘাট। প্রতিদিন এই ঘাট দিয়ে পারাপার করেন হাজারো মানুষ। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, নারী ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বছরের পর বছর ঝুঁকি নিয়ে চলাচল করলেও সেখানে এখনো নির্মিত হয়নি একটি স্থায়ী ফুটওভার ব্রিজ। ফলে বর্ষা এলেই বাড়ে দুর্ঘটনার আশঙ্কা, আর শুষ্ক মৌসুমেও দুর্ভোগ যেন নিত্যসঙ্গী।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার দাবিতে নতুন গতি এসেছে। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কাছে সুপারিশ করেছেন।
জানা গেছে, গত ৭ জুলাই বিকেলে সদর উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত আবেদন তুলে দেন। আবেদনটি পর্যালোচনা করে তিনি নিজ হাতে “Foot Over Bridge” লিখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেন।

প্রতিনিধিদলে ছিলেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাবুল দেব, মো.শাকিল আহমদ, ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমদ এবং মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান আহমদ। এ সময় জেলা বিএনপির সদস্যসচিব আব্দুল রহিম রিপন উপস্থিত ছিলেন। তিনি বলেন, জনস্বার্থে এই ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি।
আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবিয়া খেয়াঘাট মৌলভীবাজার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন পার্শ্ববর্তী অন্তত তিনটি গ্রামের হাজারো মানুষ এই ঘাট ব্যবহার করেন। কিন্তু স্থায়ী ব্রিজ না থাকায় বর্ষাকালে পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শিক্ষার্থী, নারী, শিশু ও প্রবীণরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।
সংসদ সদস্যের সুপারিশের পর আবেদনকারীরা একই দিন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আবেদনপত্রের অনুলিপি জমা দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন।
আবেদনকারীদের অন্যতম বাবুল দেব বলেন, “এটি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের দাবি নয়। এটি হাজার হাজার মানুষের নিরাপদ যাতায়াতের দাবি। আমরা চাই, এবার যেন আর এই উদ্যোগ কাগজেই সীমাবদ্ধ না থাকে।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাবিয়া খেয়াঘাটে একটি স্থায়ী ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি বহু বছরের। বিভিন্ন সময়ে এ নিয়ে আলোচনা হলেও প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ দৃশ্যমান হয়নি। ফলে প্রতিদিন মানুষকে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।
এখন দেখার বিষয়, সংসদ সদস্যের সুপারিশের পর এলজিইডি কত দ্রুত প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই, নকশা প্রণয়ন, বাজেট বরাদ্দ এবং নির্মাণ প্রক্রিয়া শুরু করে। কারণ, পরিকল্পনা নয়—বাস্তবায়নই নির্ধারণ করবে দীর্ঘদিনের এই জনদাবির পরিণতি।
স্থানীয়দের প্রত্যাশা, এবার আর প্রতিশ্রুতিতে আটকে থাকবে না সাবিয়া খেয়াঘাটের ফুটওভার ব্রিজ। দ্রুত বাস্তবায়ন হলে মৌলভীবাজার শহরের প্রবেশমুখে নিরাপদ, আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার থেকে। 

















