
সিলেটের জকিগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এবং ১৯ বিজিবির যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ওয়ান শ্যুটারগান এবং ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) রাতে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটার আশপাশ থেকে এই আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, সহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত সোয়া ৯টার দিকে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং ১৯ বিজিবির একটি যৌথ আভিযানিক দল জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার একটি ইটভাটার আশপাশে বিস্ফোরক জাতীয় দ্রব্য রয়েছে।

সংবাদ পাওয়ার পরপরই যৌথ দলটি রাত ৯.২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। তল্লাশিকালে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি জাপানি ওয়ান শ্যুটারগান (Made in Japan), ১১টি পাওয়ারজেল (বিস্ফোরক) এবং ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাওয়ারজেলের মোট ওজন ১.৩৪ কেজি।
অভিযানকালে উদ্ধারকৃত আলামতের সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এসব আলামত সাধারণ ডায়েরি (জিডি) মূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 


















