
মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজকর্মী সাদিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আল-আমিন, সাংবাদিক মো. মাহবুবুর রহমান রাহেল, মশাহিদ আহমদ, সিভিল সার্জনের পক্ষে ডা. জাকির হোসেন এবং শিক্ষার্থী অর্চি দেব। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আমিরুজ্জামান, পরিদর্শক অমর কুমার সেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা মাদকের অপব্যবহার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার প্রতিনিধি 


















