
সিলেট বিভাগের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের দিকনির্দেশনায় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মবিলাইজেশন ড্রিল, চেকপোস্ট কার্যক্রম এবং সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.অলিউল্লাহ। অভিযানে থানার পুলিশের অফিসার, সদস্যরা উপজেলার ডাবর পয়েন্ট, পাথারিয়া বাজার, শান্তিগঞ্জ বাজার সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালান।
অভিযান চলাকালে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান, চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারি সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ফোর্স মবিলাইজেশন ড্রিল ও বিশেষ অভিযান নিয়মিত ভাবে পরিচালিত হবে। সিলেট বিভাগের ডিআইজির নির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশের এ ধরনের সমন্বিত অভিযান অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি করবে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল্লাহ বলেন, থানা পুলিশের নিয়মিত কাজ হিসেবে মবিলাইজেশন ড্রিল ও সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ভাবে থানা এলাকায় কার্যক্রম পরিচালনা করা হবে।
শান্তিগঞ্জ প্রতিনিধি 


















