
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার (২১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে কর্মস্থলের উদ্দেশে বের হন সোহেল মিয়া। আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করতে যাওয়ার সময় ঢাকা–সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় সিলেটগামী মাছবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।
র্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অটোরিকশা শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা দুর্ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হলে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমাতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি 
















