
হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. জি. এম সরফরাজ বলেছেন, পাশের দেশ ভারত ও চীন কৃষি ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। সেই তুলনায় আমরা এখনও আশানুরূপ জায়গায় পৌঁছাতে পারিনি। আমাদের দেশ নানামুখী সমস্যা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম বড় সমস্যা হচ্ছে নদীর নাব্যতা হ্রাস এবং খাল-বিল শুকিয়ে যাওয়া। এমনকি আমাদের ধান শোকানোর পর্যাপ্ত মেশিন পর্যন্ত নেই। তবে বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে এবং এরই মধ্যে খাল খননের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক আরও বলেন, গত জাতীয় নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। আমরা যে স্থানীয় পর্যায় থেকে আপনাদের নিয়ে মতবিনিময় সভা করি, অনেকে ভাবতে পারেন এতে কোনো কাজ হয় না। কিন্তু তা মনে করা ঠিক না। আমরা আপনাদের সমস্যাগুলো গুরুত্বের সাথে নোট করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাই। আমাদের হতাশ হলে চলবে না, একটি শক্তিশালী সিস্টেম দাঁড় করাতে হবে।
ভূমি সেবায় হুঁশিয়ারি উচ্চারণ করে ডিসি বলেন, ভূমির সেবা ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।
এছাড়া বানিয়াচংয়ে থাকা ১৫৭টি খাস পুকুরে মাছের অভয়াশ্রম ভালোভাবে গড়ে তুলতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির
থানার ওসি (তদন্ত) কবির আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা সভাপতি দেওয়ান শোয়েব রাজা,সাংবাদিক শেখ নুরুল ইসলাম প্রমুখ।
উক্ত সভায় উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বানিয়াচং প্রতিনিধি। 

















