
হবিগঞ্জের বানিয়াচংয়ে খেলার মাঠে বজ্রপাতে সুজন মিয়া (১৯) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার মোহাম্মদ হাজ্বি খেলার মাঠে এই দুর্ঘটনা ঘটে।নিহত সুজন মিয়া বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গল কান্দি (নয়াহাটি) গ্রামের জয়ধর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শ্রীমঙ্গল কান্দি গ্রামের মোহাম্মদ হাজি খেলার মাঠে স্থানীয় তরুণেরা ফুটবল খেলছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড শব্দে একটি বজ্রপাত খেলার মাঠে পড়লে মাঠে থাকা ৫ তরুণের শরীর গুরুতর ভাবে ঝলসে যায়। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে আহতরা হলেন— একই গ্রামের ইছাক মোল্লার ছেলে হাফিজ উদ্দিন (২২), রুফু মিয়ার ছেলে পারভেজ মিয়া (২১), হাফিজ মিয়ার ছেলে শরীফ উদ্দিন (১৮) এবং আসাব উদ্দিনের ছেলে ইব্রাহিম (১৭)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ফাতেমা বেগম বজ্রপাতে তরুণ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তরুণের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।
মখলিছ মিয়া বানিয়াচং থেকে। 


















