
দেশে দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা। সাংবাদিকতার মতো একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশাকে ব্যবহার করে এক শ্রেণির অযোগ্য, অদক্ষ ও স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে শুধু গণমাধ্যমের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হচ্ছে না,বরং প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জনআস্থাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
সংশ্লিষ্টদের অভিযোগ,বর্তমানে কোনো ধরনের পেশাগত প্রশিক্ষণ,শিক্ষাগত যোগ্যতা বা সাংবাদিকতার মৌলিক নীতিমালা সম্পর্কে ধারণা ছাড়াই অনেকেই নামসর্বস্ব অনলাইন পোর্টাল কিংবা অখ্যাত প্রতিষ্ঠানের পরিচয়পত্র সংগ্রহ করে সাংবাদিক পরিচয়ে মাঠে নামছেন। কেউ কেউ সাংবাদিকতার পরিচয়কে পুঁজি করে প্রশাসনিক দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ওপর অযাচিত প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমনকি সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল, হয়রানি ও অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে।
গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, সাংবাদিকতা কোনো ব্যবসা নয়, এটি একটি জনকল্যাণমুখী পেশা। সত্য, বস্তুনিষ্ঠতা, দায়িত্ববোধ এবং নৈতিকতার ওপর ভিত্তি করেই সাংবাদিকতার ভিত্তি গড়ে উঠেছে। কিন্তু কিছু ব্যক্তির বেপরোয়া কর্মকাণ্ডের কারণে আজ পুরো পেশাটিই সমালোচনার মুখে পড়ছে।বিশেষজ্ঞদের মতে,সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের বিস্তারের সুযোগ নিয়ে গড়ে ওঠা অসংখ্য অনিয়ন্ত্রিত ও অকার্যকর সংবাদমাধ্যম অপসাংবাদিকতার অন্যতম কারণ। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর নেই কোনো সম্পাদকীয় নীতিমালা, নেই পেশাদার সংবাদকর্মী,নেই জবাবদিহিতা! অথচ তাদের পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন স্থানে সাংবাদিকতার নামে অপকর্ম চালানো হচ্ছে।
প্রকৃত সাংবাদিকরা মনে করেন, অপসাংবাদিকতা দমনে সরকার, গণমাধ্যম মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে। সাংবাদিক পরিচয় ব্যবহারে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, ভুয়া পরিচয়ধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যম খাতে জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সাংবাদিকতার পবিত্রতা ও মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপসের সুযোগ নেই। যারা সাংবাদিকতার নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে এই পেশার প্রতি মানুষের আস্থা আরও সংকটের মুখে পড়বে। সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার যে ঐতিহ্য সাংবাদিকতা বহন করে, তা রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
মোঃ সাজিদ পিয়াল, টাঙ্গাইল থেকে। 















