
”অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে।
বুধবার (২০ মে) সকালে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক এস এম সানাউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (মৌলভীবাজার সদর সার্কেল) আবুল খায়ের।

এসময় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার স্টেশনের স্টেশন অফিসার মোঃ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব-এর আহ্বায়ক বকসি ইকবাল আহমদ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভায় দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন,ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণ নয়, যে কোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সদস্য আহত হচ্ছেন, এমনকি দেশের সম্পদ ও মানুষের জানমাল রক্ষায় জীবনও উৎসর্গ করছেন।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার থেকে। 


















