
মৌলভীবাজারে হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি, কার্যকর চিকিৎসা নিশ্চিতকরণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত “বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি” বাতিলের দাবিতে প্রতিবাদী বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখা।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় শহরের টিসি মার্কেট এলাকার জেলা কার্যালয়ের সামনে বৈরী আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত আকারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন শহর শাখার আহ্বায়ক বিজয় দাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল সরকার। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চিকিৎসা ব্যবস্থার অবহেলা ও যথাসময়ে হামের টিকা সংগ্রহে ব্যর্থতার কারণে দেশে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনস্বাস্থ্য সংকট মোকাবিলার পরিবর্তে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ব্যস্ত ছিল।
বক্তারা আরও বলেন, শিশুমৃত্যু রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার বদলে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে তৎপর। দেশের কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থবিরোধী এ ধরনের চুক্তি বাতিল করতে হবে।
সমাবেশে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে শিশুমৃত্যুর ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি হামে আক্রান্ত শিশুদের জন্য দ্রুত কার্যকর চিকিৎসা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।
এসময় বক্তারা জাতীয় সংসদে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জোরালোভাবে উত্থাপনের আহ্বান জানান এবং দেশের স্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি করেন।
আব্দুস সামাদ আজাদ,মৌলভীবাজার থেকে। 


















