
সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।নিহত বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।
নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফখরুল আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেঁততি গ্রামের বসির মিয়ার মেয়ে মোছা. মুন্নি (২৬), ভাটিপাড়া নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫), ধর্মপাশা উপজেলার সরিবা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী নার্গিস (৪৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা এলাকার সুরত আলীর ছেলে মো. বদরুল জামান (৪০) এবং একই উপজেলার শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস (২০)। বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় আহত অন্তত ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন—হবিগঞ্জের আলমগীর (৩২), সিলেটের তোরাব উল্লাহ (৬০), রামিন (৪০), আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের রাভু আক্তার (২৫), হাফিজা বেগম (৩০) ও রাজা মিয়া (৪৫)। এছাড়া রহিম (৬০) নামের একজনকে মুমূর্ষু অবস্থায় নুরজাহান হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোরে একটি ডিআই পিকআপে করে বেশ কিছু নির্মাণ শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক (চট্টগ্রাম) থেকে আসা একটি কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে আরও চারজনের মৃত্যু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, ঘটনার পর থেকেই ট্রাক ও পিকআপ চালক পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। তবে ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
সাদেক আলী খান 


















