
জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ভোটগ্রহণ যেন নির্বিঘ্ন, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. আবুল কাসেম সরকার; মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্নাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জেলার সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার থেকে। 


















