
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নির্বাচন মাঠ আরও সরব হয়ে উঠছে। জেলার গুরুত্বপূর্ণ এই আসনটি গঠিত হয়েছে মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন এবং রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে। ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে কৌশলগত গুরুত্ব থাকায় প্রতিবারের মতো এবারও এ আসন ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বেড়েছে।
ইউনিয়নজুড়ে পোস্টার-ব্যানার, সম্ভাব্য প্রার্থীদের উঠান বৈঠক, কর্মী সমাবেশ ও সাধারণ ভোটারদের সাথে দফায় দফায় মতবিনিময় ইতোমধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে। বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে চলছে প্রচারণা, সমর্থন আদায়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা।
ভোটার পরিসংখ্যান অনুযায়ী মৌলভীবাজার-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ১৩১ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৭৭ জন। নারী ভোটারের সংখ্যা প্রায় সমান হওয়ায় নারী ভোটারদের মন জয় করাও প্রার্থীদের অন্যতম কৌশল হয়ে উঠেছে।
এদিকে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, এ আসন থেকে এ পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),এম নাসের রহমান,স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের,
বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) জহর লাল দত্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের আহমদ বিলাল মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহের সংখ্যায় আরও বৃদ্ধি হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
তৃণমূল নেতাকর্মীদের তৎপরতা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে– এ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বহু দলের মাঝে। ভোটের মাঠে কোন জোট কার সঙ্গে দাঁড়াবে, কার প্রার্থিতা চূড়ান্ত হবে, কে কতটুকু জনসমর্থন পাবে তা এখন জেলার আলোচনার কেন্দ্রবিন্দু।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মৌলভীবাজার-৩ আসনে প্রতিটি নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা লক্ষণীয়। এ বছরও ব্যতিক্রম হবে না বলে মনে করছেন তারা। গ্রামীণ ভোটব্যাংক, চা শ্রমিক অধ্যুষিত এলাকার ভোটের ধরণ, পৌরসভা এলাকার তরুণ-নারী ভোটার এবং নতুন ভোটাররা এবার ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা।
আগামী দিনগুলোতে দলীয় চূড়ান্ত মনোনয়ন, প্রচারণা কৌশল, মাঠপর্যায়ের যোগাযোগ এবং জাতীয় রাজনীতির উত্তাপ— সবকিছু মিলিয়ে মৌলভীবাজার-৩ আসনকে ঘিরে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার থেকে 


















