
টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের (পুরাতন থানা সংলগ্ন) নিজবনী এলাকায় একটি বাসা-বাড়ির অভ্যন্তরে গোপনে ‘সুইট বেকারি’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
পৌরসভা কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থার অলক্ষ্যে পরিচালিত এই বেকারিটিতে শিশুদের জন্য খাবার তৈরি হচ্ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, যা সম্প্রতি সংবাদকর্মীদের অনুসন্ধানে উঠে এসেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সংবাদকর্মীরা বেকারিটিতে গেলে এর অস্বাস্থ্যকর পরিবেশ দেখে হতবাক হয়ে যান। বেকারিতে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই থেকে আড়াই মাস পূর্বে তারা এই বেকারিটি শুরু করেছে। তবে, প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় কোনো সরকারি অনুমোদন বা লাইসেন্সের কাগজপত্র তাদের নেই বলে তারা স্বীকার করেছে।
বেকারির পাশের বাড়ির বাসিন্দা মোঃ বাদল হোসেন এই ধরনের নোংরা পরিবেশে খাদ্য তৈরি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, এগুলো খেলে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। পাশের দোকানদার মোঃ রফিকুল ইসলামও এই কাজকে আইনগত অপরাধ হিসেবে আখ্যায়িত করেন।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী আল শাফি রিমু সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষকে তদারকির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধু শিশু খাদ্য নয়, বড়দের খাদ্যের বেলায়ও স্বাস্থ্যকর পরিবেশে করা উচিত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার।
সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন। তিনি জানান, আমি পৌরসভার প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের যদি কোনো লাইসেন্স বা কাগজপত্র না থাকে, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি করা অপরাধ।
আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
ধনবাড়ী প্রতিনিধি 














