
হবিগঞ্জের মাধবপুরে পুকুরে গোসল করতে গিয়ে মোহতাসিন খান (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার ১৮ অক্টোবর দুপুরে পৌরসভার শ্যামলী আবাসিক এলাকার গরুর হাট সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত মোহতাসিন খান ওই এলাকার ইকবাল হোসেন খান ও হ্যাপী আক্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে মোহতাসিন তার ছোট বোন ওয়াসিফা খানম সাঈদা (৫) কে নিয়ে পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পুকুরের ঘাটে নামতেই তার পা পিছলে গভীর পানিতে পড়ে যায়।
এ সময় বোন চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাধবপুর থানার পিএসআই (উপ-পরিদর্শক) পাবেল আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মতে, পুকুরটিতে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ফরাস উদ্দিন, মাধবপুর থেকে। 

















