
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের অভিযোগে মাধবপুরে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম।
অভিযানকালে মঙ্গলপুর, চৌমুহনী গ্রামের মো. সুহেল মিয়া (পিতা: দুলাল মিয়া) ও মো. শফিক মিয়া (পিতা: মনসুর আলী) — এ দুজনকে ৩০ (ত্রিশ) দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মনতলা বিজিবি ক্যাম্প ও মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, “জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে।”
স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই মুজিবুল ইসলামের নেতৃত্বে মাধবপুর উপজেলা প্রশাসনের কর্মকাণ্ড আরও গতিশীল হয়েছে। অবৈধ দখল, বালু উত্তোলন ও সরকারি সম্পত্তি রক্ষায় তাঁর নেতৃত্বে পরিচালিত নিয়মিত অভিযানে সাধারণ মানুষের আস্থা বেড়েছে।
নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও উন্নয়নমূলক কাজে আগ্রহী একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যেই এলাকায় সুনাম অর্জন করেছেন।
ফরাস উদ্দিন, মাধবপুর থেকে। 



















