
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপণ কৌশল, উদ্ধার তৎপরতা ও জরুরি করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার সার্বিক দায়িত্বে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজারের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দীন, পিএফএম (এস)। মহড়া পরিচালনা করেন মৌলভীবাজার-১ ওয়্যারহাউজ ইন্সপেক্টর এস. এম. সানাউল্লাহ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ফায়ার সার্ভিসের এ ধরনের মহড়া অগ্নিনিরাপত্তা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ায়। সবাই যদি এসব বিষয়ে সজাগ থাকে, তাহলে অগ্নিকাণ্ডের ঘটনা অনেকটাই কমে আসবে।”
আবদুস সামাদ আজাদ, মৌলভীবাজার প্রতিনিধি 









