
হবিগঞ্জের বানিয়াচংয়ে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডা: ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী অনুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি) সাইফুল ইসলাম এবং সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষাবিদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, শিক্ষাজীবনে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। এগুলো শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষাংশে, প্রধান অতিথি ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া, স্মৃতিস্বরূপ প্রধান অতিথিকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে। 


















