
সিলেটের কানাইঘাট থানা এলাকায় চোরাচালান বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ এবং তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ও ২৫ ডিসেম্বর পৃথক দুটি অভিযানে এসব মালামাল ও পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহন আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানা মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৪০ কেজি ভারতীয় জিরা ও ৩২০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে ফাহাদ হোসেন পাভেল ও মামুন আহমদ নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ২৪ ডিসেম্বর সকালে ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের খাসরমাটি এলাকায় টহল পুলিশের অভিযানে একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ৯০ ক্যারেট ভারতীয় কমলা জব্দ করা হয়।
এ সময় চোরাকারবারী মুহিন আহমদ (২৫) ও জামাল উদ্দিন (৫০) কে গ্রেফতার করে পুলিশ। তবে তাদের সহযোগী সুহেল আহমদ ও সয়ফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়।
পলাতকসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম যোগদানের পর থেকেই অপরাধ দমন ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছেন। গত কয়েকদিনে পুলিশের টানা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি, জিরা, চা-পাতা, কমলা ও পেঁয়াজ জব্দসহ বেশ কিছু পরিবহন আটক করা হয়েছে।
ওসি আমিনুল ইসলাম জানান,সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পণ্য আসা রোধে আমাদের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। চোরাচালানের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার। 


















