
মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের বধ্যভূমিতে ঢল নামে সর্বস্তরের মানুষের।
সকালে জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক-এর নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও বধ্যভূমিতে শহীদদের আত্মার শান্তি কামনায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি পুলিশ সুপার শামসুল আলম সরকার

আলোচনা সভায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা দেশের উন্নয়নে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করার উপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক শরীফা হক তার বক্তব্যে বলেন, শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির বিবেক। তাদের আত্মত্যাগ বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিতে অনুপ্রাণিত করেছে। তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না।
হ্যাপি আক্তার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি 



















