
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
দোয়ায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথিসহ স্থানীয় নেতা-কর্মীরা।
আয়োজন শেষে অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং কোরআন শরীফ বিতরণ করা হয়।
এ সময় বক্তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
বক্তারা বলেন, আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা দীর্ঘদিন ধরে অসুস্থ।
তার সুস্থতা কামনায় আজ কোরআন খতম, দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে দ্রুত দেশের সেবা করতে পারেন এই প্রার্থনা আমরা করি।
নেতৃবৃন্দ খালেদা জিয়াকে সুস্থ অবস্থায় ফিরে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য সকলের কাছে দোয়া চান।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 



















