
অল্প সময়েই পাঠকের আস্থার স্থান দখল করা দৈনিক রূপালী বাংলাদেশ এবার মৌলভীবাজারে উদযাপন করল প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি। প্রতিষ্ঠার শুরু থেকেই বস্তুনিষ্ঠতা, অনুসন্ধানী সাংবাদিকতা ও মুক্তচিন্তার চর্চাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা করা এ পত্রিকা দ্রুতই স্থানীয় ও জাতীয় পর্যায়ের পাঠকসমাজে জায়গা করে নেয়।
ডিজিটাল মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদে যখন পাঠক আস্থাহীন, তখন নির্ভরযোগ্য তথ্য-উপাত্তভিত্তিক সংবাদ প্রচার করে রূপালী বাংলাদেশ নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে, এমন মন্তব্য উঠে এসেছে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বক্তব্যে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বর্ষপূর্তি উৎসব। দৈনিক রূপালী বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্রের টিকে থাকা এখন শুধু অর্থনৈতিক লড়াই নয়,বরং তথ্যযুদ্ধের ভিড়ে সত্য তুলে ধরার একটি নৈতিক দায়। রূপালী বাংলাদেশ সে দায় পালন করছে কি না—এই প্রশ্ন যেমন বাস্তব, তেমনি প্রতিষ্ঠার পর অল্প সময়ে যে পাঠকপ্রিয়তা পত্রিকাটি পেয়েছে তা আশাবাদও তৈরি করে। তারা আরও বলেন, মুক্তচিন্তা ও স্বচ্ছ সাংবাদিকতার চর্চা বজায় রাখতে হলে অনুসন্ধানী প্রতিবেদন বাড়ানো এবং স্থানীয় সমস্যাগুলোকে অগ্রাধিকার দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন এনটিভি ও ইনকিলাবের স্টাফ রিপোর্টার এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ,লেখক ও কবি সাদেক আহমদ, দিনকাল-এর জেলা প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, সাংবাদিক সিরাজুল ইসলাম হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা রূপালী বাংলাদেশের ভবিষ্যৎ পথচলায় অধিকতর দায়বদ্ধতা, অনুসন্ধানী মনোভাব ও জনগণের কণ্ঠস্বর তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরাও এমন দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
আব্দুস সামাদ আজাদ,মৌলভীবাজার থেকে। 













