
প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম দেশব্যাপী শুরু হলেও মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ উপলক্ষে কোনো সংবাদ সম্মেলন বা অবহিতকরণ সভা করেনি উপজেলা প্রশাসন। ১২ অক্টোবর দেশজুড়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর দিনেও এমন উদ্যোগ না থাকায় কর্মসূচির প্রচার ও জনসচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের গুরুত্বপূর্ণ এ কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি ও বাস্তবায়ন প্রক্রিয়া সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মাঠপর্যায়ে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। জেলার বিভিন্ন উপজেলায় কর্মসূচি নিয়ে সাংবাদিকদের অবহিত করা হলেও জুড়ীতে আনুষ্ঠানিক কোনো উদ্যোগ না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ৮ অক্টোবর পাঠানো চিঠিতে ১২ অক্টোবর দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহ শুরুর কথা জানানো হয়। একই সঙ্গে ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলার অন্যান্য উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন এবং অবহিতকরণ সভা করা হলেও জুড়ীতে একই ধরনের কোনো আয়োজন হয়নি। এ অবস্থায় জুড়ীতে তথ্য সংগ্রহ কার্যক্রমের প্রস্তুতি, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের দায়িত্ব পালন এবং সাধারণ মানুষকে কর্মসূচি সম্পর্কে অবহিত করার উদ্যোগ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এবিষয়ে জুড়ীর কয়েকজন সংবাদকর্মী ক্ষোভের সাথে বলেন, বর্তমান ইউএনও জুড়ীতে যোগদানের পর থেকে সরকারি অনেক নির্দেশনা অমান্য করে নিজের মন মতো কার্যক্রম পরিচালনা করছেন। যা সরকারি নিয়মকে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখানোর মত। বর্তমান সরকারের এত গুরুত্বপূর্ণ ফ্যামিলির কার্ড নিয়ে সাংবাদিকসহ সাধারণ মানুষদের অন্ধকারে রাখছেন তিনি।
এ বিষয়ে জুড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তার বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
মৌলভীবাজারের জেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, জুড়ীতে সমাজসেবা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। একজন কর্মকর্তার পক্ষে একসঙ্গে দুটি উপজেলায় দায়িত্ব পালন করা কঠিন হওয়ায় সেখানে অবহিতকরণ সভা করা সম্ভব হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাইলে কয়েকজন সাংবাদিককে নিয়ে সভার আয়োজন করতে পারতেন।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা তিনি পাননি। তা ছাড়া উপজেলায় সমাজসেবা কর্মকর্তা নেই। তবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী সময়ে সুবিধাজনক সময়ে অবহিতকরণ সভার আয়োজন করা হবে।
এ ব্যাপারে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেন, ছুটিতে থাকায় বিষয়টি আমার জানা ছিলো না। আমি জুড়ীর ইউএনওকে বিষয়টি জানিয়েছি। সাধারণত মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়, ইউএনওরা সেভাবেই কাজ করে থাকেন। সরকারের অগ্রাধিকারমূলক ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সব ইউএনও গুরুত্বের সঙ্গে দেখেন। এ ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি 

















