
লাখাইয়ে বিশ্ব শিক্ষক দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল করিম, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন,জিরুন্ডা মানপুর তোফায়লিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ মোহাম্মদ জুনাইদ, ভাদিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার ফারুক, মারুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম বাহার প্রমুখ।

সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকগণের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলেন, শিক্ষক মণ্ডলী হলেন মানুষ গড়ার কারিগর। তারা তাদের মেধা ও মননের সমন্বয়ে আদর্শ জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করে আসছেন।তাদের সন্মান ও মর্যাদা সমুন্নত রাখতে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। তাদের সকল ন্যায্য অধিকার আদায় করতে বর্তমান সরকার খুবই আন্তরিক ও তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। সেই সাথে শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষক মন্ডলীর বিশেষ করে বিষয় ভিত্তিক সঠিকভাবে পাঠদানে আরোও আন্তরিক ভাবে কাজ করার আহবান জানানো হয়।
বক্তারা আরোও বলেন শিক্ষক মণ্ডলীর মর্যাদা শুধু দিবসে সীমাবদ্ধ নয়। সবসময়ই শিক্ষক মণ্ডলী সন্মানের আসনে আসীন আছেন এবং থাকবেন।
বিল্লাল আহমেদ লাখাই থেকে 














