
সিলেটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোঃ স্বপন মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
রোববার (০৪ অক্টোবর ) দুপুর আনুমানিক ২.২০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় এলাকার ‘আল্লাহ ভরসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত স্বপন মিয়া সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার পূনাছগ্রামের মৃত আশিক আলীর ছেলে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত স্বপন মিয়ার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার ২০২০ সালের একটি মাদক মামলায় (জিআর নং-২২৪/২০২০, দায়রা নং-৪৫৭/২০২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৪(গ)) আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ড পর্যালোচনা করে পুলিশ জানায়, স্বপন মিয়া কোম্পানীগঞ্জ এলাকার একজন শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে কোম্পানীগঞ্জ থানার ২০২০ ও ২০২৪ সালের দুটি এবং গোয়াইনঘাট থানার ২০২১ সালের একটি মাদক মামলা রয়েছে।
পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 


















