
সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের অভিযোগে যৌথ অভিযান চালিয়ে ১৪টি ট্রাকের চালককে জরিমানা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯।
(এসআরবি-৯) ও পরিবেশ অধিদপ্তর। শুক্রবার ২ অক্টোবর সকাল ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত সিলেটের শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানসূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী যানবাহনে হাইড্রোলিক হর্ন ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ। কিন্তু আইন অমান্য করে কিছু যানবাহন চলাচল করায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে বিভিন্ন ট্রাকের কাগজপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি হাইড্রোলিক হর্ন পরীক্ষা করা হয়। আইন লঙ্ঘনের দায়ে ১৪টি ট্রাকের চালকদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে সর্বমোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-৯, সিপিএসসি, সিলেট এবং পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেটের যৌথ দল।
এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 











