
”এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সদরে শুরু হয়েছে জাঁকজমকপূর্ণ ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬।
গত ১ অক্টোবর বৃহস্পতিবার থেকে ৫ অক্টোবর সোমবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই বর্ণাঢ্য ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে সদর উপজেলার বাঁশচড়া এস.বি.জি মডার্ণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। বাংলাদেশ স্কাউটস, জামালপুর সদর উপজেলার আয়োজনে আয়োজিত এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ স্কাউট আয়োজিত এই, ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে গত ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জামালপুর ৫ আসনের সংসদ ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোং ওয়ারেছ আলী মামুন বর্তমান সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে বলেন, “এখন ১টা মানুষ বিপদে পড়লে আশ-পাশের ১০ টা মানুষ সরে যায়, মানুষের সামনে অপকর্ম করে প্রতিবাদ হয়না, এই যায়গা থেকে ঘুরে দাঁড়াতে হলে আমাদের আদর্শীক চর্চা বাড়ানো দরকার।” তিনি আরও বলেন, শিশুদের মাঝে ছোটবেলা থেকেই সততা, সাহসিকতা, পারস্পরিক সহযোগিতা এবং দেশপ্রেমের বীজ বপন করতে পারলে আগামীর বাংলাদেশ আরও বেশি সুন্দর ও নিরাপদ হয়ে উঠবে। স্কাউট আন্দোলন এই নৈতিকতা গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে বলে তিনি মন্তব্য করেন।
পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পুরীতে খুদে স্কাউটদের জন্য বিভিন্ন আকর্ষণীয় শিখনমূলক ইভেন্ট, তাঁবু বাবাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জীবন দক্ষতা, শৃঙ্খলা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা অর্জন করার সুযোগ পাচ্ছে। প্রতিদিনের রুটিন অনুযায়ী কুচকাওয়াজ, সাংস্কৃতিক সন্ধ্যা এবং বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে, যা শিশুদের মানসিক বিকাশকে তরান্বিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস, জামালপুর সদর উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানবীর হায়দার। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, জামালপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, বাঁশচড়া এস.বি.জি মডার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন আব্দুল্লাহ্, এবং উপজেলা স্কাউটের অর্থ সম্পাদক মোঃ শামীম হোসেন সহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পাঁচ দিনব্যাপী এই কাব ক্যাম্পুরীতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৫ জন উৎসাহী শিক্ষার্থী ও স্কাউটাররা অংশগ্রহণ করেছেন। যার মধ্যে ৯০ জন ছাত্রী ও ২১৫ জন ছাত্র। স্বেচ্ছাসেবক রয়েছে ৫০ জন, স্কাউট লিডার ৫১ জন।
আয়োজকদের প্রত্যাশা, এই ক্যাম্পুরী সফলভাবে সমাপ্তির মাধ্যমে অত্র উপজেলার শিশুদের মাঝে স্কাউটিংয়ের আদর্শ আরও সুদৃঢ় হবে এবং তারা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর 











