
সিলেটের খাদিমনগর চা-বাগান এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর লুণ্ঠিত ১টি পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সোমবার (২৮ সেপ্টেম্বর ) রাত আনুমানিক সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের লালিছড়া চা-বাগানে এই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চা-বাগানের ভেতরের একটি কাঁচা রাস্তার পূর্ব পাশে ঝিরির পানির মধ্যে পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. ক্যালিবারের টাইপ-১৯৫৬ মডেলের (‘মেড ইন চায়না’ লেখা)।
এসআরবি-৯ সূত্রে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রটির ধরন ও বৈশিষ্ট্য পর্যালোচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট কোনো থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের অন্তর্ভুক্ত।
অভিযানকালে অস্ত্রের সাথে কাউকে পাওয়া যায়নি। তবে অস্ত্রটির উৎস এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত রাইফেলটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাঁদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 


















