
সিলেটের কোম্পানীগঞ্জে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকার পর এজাহারনামীয় ২ নম্বর আসামি রায়হানকে (২০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সিলেটের এয়ারপোর্ট থানার ধোপাগুল বাইপাস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রায়হান সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বনপুর গ্রামের সিরাই মিয়ার ছেলে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক দুপুর ১২টার দিকে গরু বিক্রির কথা বলে ভিকটিম মতিউর রহমানকে (২১) ডেকে নিয়ে যায় সুন্দর আলী ও রায়হান। তাকে কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই ইউনিয়নের একটি নির্জন খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে সুন্দর আলী ভিকটিমের কাছে ৩৫ হাজার টাকা দাবি করে।
টাকা দিতে অস্বীকৃতি জানালে মনফর আলী ও নুর ইসলামসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র (কিরিচ ও ডেগার) নিয়ে ভয়ভীতি দেখায় এবং ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করে। পরবর্তীতে আসামিরা ভিকটিমের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিম মতিউর রহমান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯.৫৫ মিনিটে সময় এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় কোম্পানীগঞ্জ থানার মামলা নম্বর-০৮ (তারিখ: ১৫/০৮/২০২৬) এর এজাহারনামীয় পলাতক আসামি রায়হানকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 


















