
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে বিশেষ অভিযান চালিয়ে ০১টি পরিত্যক্ত বিদেশি দোনলা বন্দুক এবং থানা থেকে লুট হওয়া ০৪ রাউন্ড তাজা রাবার কার্তুজ ও ০২ রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯), সিলেট।
এসআরবি-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২.৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল জৈন্তাপুর থানাধীন হরিপুর বাজারের হাউদপাড়া এলাকাধীন সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গল থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। অভিযানকালে আলামতের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি ও সংঘবদ্ধ সিন্ডিকেটের অবৈধ অস্ত্র ব্যবহারের বিষয়ে তাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। উদ্ধারকৃত অস্ত্র এবং বিশেষ করে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া এসব অ্যামুনিশন উক্ত চোরাচালানকারী চক্রের সাথে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং জড়িতদের চিহ্নিত করতে গোয়েন্দা তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
এ ছাড়া থানা থেকে লুট হওয়া অন্যান্য অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারেও অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ জিডি মূলে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 



















