
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে হবিগঞ্জের নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নবীগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে মিছিলটি নতুন বাজার মোড়ের ট্রাফিক পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মুরশেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনর উদ্দিনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আহমদ ঠাকুর রানা ও সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে শ্রমিক দল।
বক্তারা আরও বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে শ্রমিকদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আলী হোসেন, আজিম উদ্দিন, আব্দুর রূপ, বকুল মিয়া, এস ডি মিন্টু, আবদুল আউয়াল, জামাল উদ্দিন, খালেদ মিয়া, মতিউর রহমান ও জুয়েলসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। 

















