
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক শীর্ষ ডাকাত হাবিবুর রহমানকে (৪৭) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও চুরি-ডাকাতিসহ মোট ১২টি মামলা রয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বউ বাজার এলাকার একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান কোম্পানীগঞ্জ থানার বটের তল গ্রামের মৃত রইছ আলীর ছেলে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানার একটি মামলায় (মামলা নং-১৭, তারিখ: ১৭/১২/২০১৪ খ্রি., জিআর- ২৫৪/১৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ডের ওয়ারেন্ট ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অস্ত্র ও চুরি-ডাকাতিসহ মোট ১২টি মামলা রয়েছে।
পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান।
স্টাফ রিপোর্টার 


















