
সিলেটের দক্ষিণ সুরমা থেকে অনলাইন জুয়া চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকার একটি দোকান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,মোঃ জলিল উদ্দিন (৩৮), মোঃ সামাইন (৩০), মোঃ নাইম মিয়া (৩৩) ও মোঃ শাহিন মিয়া (৩৫)।

র্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লালাবাজারের ‘মাহাতাজ ভেরাইটিজ স্টোর’ নামক একটি দোকানে কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। খবর পেয়ে রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটে র্যাব অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ওই চারজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা অনলাইনে জুয়া খেলার জন্য সেখানে সমবেত হয়েছিল। তাদের কাছ থেকে অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোন যাচাই করে দেখা যায়, তারা www.w3i6c9kets.xyz, tkbaazi.live, www.bk333.app এবং [www.teerresults.com](https://www.teerresults.com) ইত্যাদি ওয়েবসাইটের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা ও অংশগ্রহণ করে আসছিল।

র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার 







