
হবিগঞ্জের লাখাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আবদাল মিয়া (৪৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মুড়াকরি মহাসংকীর্তন মন্দিরের সামনের মাঠের পূর্ব পাশের একটি ডোবা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, আবদাল মিয়ার বিরুদ্ধে মাদক মামলায় আদালতের দেওয়া এক বছরের সশ্রম কারাদণ্ড রয়েছে। একই মামলায় তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
পুলিশ জানায়, পরোয়ানা তামিলের অভিযানে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তিনি ডোবায় নেমে আত্মগোপনের চেষ্টা করেন। পরে পুলিশ তাঁকে ডোবা থেকে গ্রেপ্তার করে।
আবদাল মিয়া উপজেলার মুড়াকরি পূর্বপাড়ার অনুমিয়া মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে লাখাই থানায় ২০২৩ সালের ১৫ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়েছিল।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। 


















