জামালপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের প্রথম দিনে জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুর ১২ টা ৫০ মিনিট হতে বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
জামালপুর সদর উপজেলার শেখেরভিটা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ২০ গ্রাম গাঁজাসহ মোঃ জাহিদ (৩৩) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃত জাহিদ জামালপুর সদর উপজেলার নারিকেলী গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে।
অপরদিকে মেলান্দহ থানাধীন মেলান্দহ বাজারস্থ পাশা মার্কেট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপর একটি আভিযানিক দল মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ শহিদ মিয়া (৬০) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃত শহিদ মিয়া মেলান্দহ উপজেলার রূপসীহাটা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটদ্বয় ঘটনাস্থলেই জব্দকৃত আলামত ধ্বংস করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ফারুক আহমেদ ভূঁইয়া, জামালপুর। 


















