
জার্মান সহযোগিতা ও ওয়েলথাঙ্গারহিলফে (ডব্লিউএইচএইচ)-এর সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) বাস্তবায়িত ‘দ্য গ্রিন ইভোলিউশন’ প্রকল্পের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে পানি ও জ্বালানি সাশ্রয় বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে আসামপাড়া গ্রামে অনুষ্ঠিত সভায় স্থানীয় ইউপি সদস্য দৌলত খানের সভাপতিত্বে এবং এফআইভিডিবি দ্য গ্রিন ইভোলিউশন প্রকল্পের মাঠ কর্মকর্তা বিপ্লব তালুকদারের পরিচালনায় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

সভায় কৃষিতে পানি সাশ্রয়, কৃষিতে জ্বালানি সাশ্রয়, বাসাবাড়িতে পানি ও জ্বালানি সাশ্রয়ের উপায়, মাটির স্বাস্থ্য উন্নয়ন, সঠিক সময়ে সেচ প্রদান, বৃষ্টির পানি সংরক্ষণ ও পানি ধরে রাখার কৌশলসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি ফুটো কলের মাধ্যমে পানির অপচয় এবং জৈব পদার্থসমৃদ্ধ মাটি ও অনুর্বর মাটির পার্থক্য প্রদর্শনের মাধ্যমে বিষয় গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পানি ও জ্বালানি সাশ্রয় মানেই শুধু খরচ কমানো নয়; এটি মাটি, পানি, জীববৈচিত্র্য, কৃষক এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার একটি দায়িত্ব। কৃষি প্রতিবেশবিদ্যার চর্চা ও খাদ্যব্যবস্থার রূপান্তরের মাধ্যমে একটি নিরাপদ, টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
সভায় স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাট প্রতিনিধি 















