
সিলেটের গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (০৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তারা বলেন, স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গঠনে ছাত্র-জনতার এই আন্দোলন ইতিহাসের এক অনন্য অধ্যায়। জীবন বাজি রেখে যারা সেদিন রাজপথে নেমেছিলেন, তাদের অবদান দেশের মানুষ চিরকাল স্মরণ রাখবে। গেজেটপ্রাপ্ত আহত যোদ্ধারাই এই নতুন স্বাধীনতার জীবন্ত সাক্ষী। তাদের সুচিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার ও প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমাদের একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। আহত যোদ্ধারা আমাদের জাতীয় বীর। গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে আমরা সবসময় পাশে আছি এবং থাকব।
এ সময় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক,জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী,জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন,নায়বে আমীর ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মঞ্জুর আহমদ, গেজেটপ্রাপ্ত আহত জুলাই যোদ্ধা আব্দুল মতিন, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাংবাদিক আমির উদ্দিন, এনসিপি গোয়াইনঘাট উপজেলার সদস্য সচিব মর্তুজ আলী, ছাত্রনেতা আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত স্থানীয় আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষভাগে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও স্থানীয় বীরদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বরণে মোনাজাত করা হয়।
গোয়াইনঘাট প্রতিনিধি 


















