
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মান ও সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় বক্তারা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (THO) ডা. আতাউল গণি।
অপারেশন থিয়েটার সচলের দাবি করে সভায় ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অপারেশন থিয়েটার (ওটি) নিয়ে কথা বলেন। তিনি দীর্ঘদিন ধরে বন্ধ বা অচল থাকা অপারেশন থিয়েটারটি দ্রুত সচল করার জোর দাবি জানান, যাতে স্থানীয় সাধারণ মানুষ স্বল্প খরচে জরুরি অস্ত্রোপচারের সুবিধা পেতে পারেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে ও প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি 


















