
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। শুক্রবার উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির নেতৃবৃন্দ বন্যাকবলিত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক বন্যায় রাজনগর উপজেলার অসংখ্য পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। মানবিক দায়বদ্ধতা থেকেই বিএনপি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কাটিয়ে উঠতে দলের পক্ষ থেকে ভবিষ্যতেও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ন,জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
মৌলভীবাজার প্রতিনিধি 

















