
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, বানিয়াচং উপজেলা শাখার আসন্ন ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাফেজ মুফতী শাব্বীর আহমদ শিবলী নোমানী। শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধ শিক্ষক নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টায় বানিয়াচং উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ বশিরের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
হাফেজ মুফতী শাব্বীর আহমদ শিবলী নোমানী মাহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি বানিয়াচং মডেল প্রেসক্লাবের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় শিক্ষক সমাজের কাছে তিনি একজন পরিচিত ও আস্থার প্রতীক হিসেবে বিবেচিত।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বলেন, “শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষাবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি কাজ করতে চাই। এজন্য বানিয়াচং উপজেলার সকল শিক্ষকের আন্তরিক দোয়া, আশীর্বাদ, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করছি।”
এ সময় উপস্থিত ছিলেন মাহারত্নপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব, সহকারী শিক্ষক নিঠু কিশোর আচার্য, সঞ্জু দাশ, দুলাল মিয়া, বাবুল আক্তার, সাদেকুল ইসলাম, ওমর ফারুক, অখিল কুমার প্রামাণিক, অফিস সহকারী মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং শুভানুধ্যায়ীরা।
শিক্ষক সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ শাব্বীর আহমদ শিবলীর প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক, যেখানে শিক্ষক সমাজ তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাবেন।
উল্লেখ্য, বাংলাদেশ শিক্ষক সমিতি, বানিয়াচং উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১ আগস্ট মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বানিয়াচং প্রতিনিধি। 


















