
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা স্কুলছাত্র রায়হান আহমেদ (১৬) রবিবার (৫ জুলাই) রাত প্রায় ৮টার দিকে সিলেটের নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে একই দিন দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন, উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬) এবং ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬)। অপর আহত জয় (১৬) উপজেলার লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তার অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। পরে রাধানগর বাজারে যাওয়ার পথে তাদের বহনকারী একটি পালসার মোটরসাইকেল দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে সাকিব আহমদের মৃত্যু হয়। আহত অবস্থায় রায়হান ও জয়কে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৮টার দিকে রায়হান আহমেদ মৃত্যুবরণ করে। অপরদিকে জয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই শ্রেণির দুই সহপাঠীর মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহপাঠী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)
মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গোয়াইনঘাট প্রতিনিধি 

















