
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একাধিক মাদক মামলার আসামি ফিরোজ মিয়া (৫৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হাড়জোড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফিরোজ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজারের টেকনাফ, কিশোরগঞ্জের অষ্টগ্রাম এবং ঢাকার শেরেবাংলা নগর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মারামারি ও পুলিশের ওপর হামলার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। 

















